ব্রাজিলের রিও’তে ২০৭টি দেশের প্রতিনিধিদের পিছনে নিয়ে অলিম্পিকের মশাল হাতে ড. ইউনূস রাজপথ প্রদক্ষিণ করেন শুক্রবার ৫ আগস্ট। কিন্তু তার আগেই নিজ দেশেই তার ছবিতে অগ্নিসংযোগ করে ছাত্রলীগ।
পাবনার চাটমোহরের গ্রামীণ ব্যাংকের কোনো ব্রাঞ্চ অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না টাঙানোয় বিক্ষোভ সমাবেশ করে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে এ ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার সামনে বিক্ষোভ সমাবেশে ড. মুহাম্মদ ইউনুসের ছবিতে অগ্নিসংযোগ করে তারা।
একই সঙ্গে অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগানোর জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম এবং গ্রামীণ ব্যাংকের এমডির পদত্যাগ দাবি করা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা- কর্মচারিরা অবরুদ্ধ হয়ে পড়েন।
জানা গেছে, বৃহস্পতিবার ৪ আগস্ট দুপুর ১টার দিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আলিমের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী পৌর শহরের বাসষ্ট্যান্ড শাখায় গিয়ে কর্মকর্তাদের শেখ হাসিনার ছবি লাগানোর জন্য আল্টিমেটাম দেয় এবং অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে আব্দুল আলিম গ্রামীণ ব্যাংকের এমডির পদত্যাগ দাবি করে বলেন, তাদেরকে ২৪ ঘন্টা সময় দেয়া হয়েছে। এর পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না লাগালে কঠোর কর্মসূচি দেয়া হবে। এ সময় অফিসে ঝোলানো ড. মুহাম্মদ ইউনুসের ছবি নামিয়ে তাতে অগ্নিসংযোগ করে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
চাটমোহর বাসষ্ট্যান্ডে গ্রামীণ ব্যাংক ব্রাঞ্চ অফিসের ম্যানেজার মঞ্জু আলম বলেন, ছবি লাগানোর ব্যাপারে আমাদের অফিসিয়ালি কোনো নির্দেশনা নেই। ছাত্রলীগের নেতা-কর্মীরা অফিসে এসেছিলো। আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।
চাটমোহর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মির্জা রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি না টাঙানো খুব দুঃখজনক ব্যাপার।
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, তিনি বিষয়টি শুনেছেন তবে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ কিছু জানায়নি।


