পুলিশের কর্তব্যে বাধা ও তথ্য গোপন করার অভিযোগের মামলায় কল্যাণপুরের জাহাজবাড়ি নামে পরিচিত তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী মমতাজ পারভীনসহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খুরশীদ আলম দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ওই আদেশ দেন।
রিমান্ডকৃত অপর আসামিরা হলেন- মালিকের ছেলে মাজহারুল ইসলাম, তাদের সহযোগী মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন। এ দিন তাদের জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।
গত ১ আগস্ট রাতে তাদের বিরুদ্ধে মামলাটি করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক বজলার রহমান।
পরদিন মঙ্গলবার এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান। ওই দিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
এর আগেও এরা প্রত্যেকে ২ দিনের রিমান্ডে ছিলেন।
গত ২৬ জুলাই কল্যাণপুরের ৫ নম্বর সড়কের তাজ মঞ্জিলে ভোরে পুলিশ ওই বাড়ির পঞ্চম তলায় অভিযান চালায়। অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যায়। হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। পালিয়ে যায় একজন। এরপর ওই বাড়ির মালিকের স্ত্রী ও ছেলেসহ ৫ জনকে আটক করে পুলিশ।
এদিকে কল্যাণপুরে জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১৯ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।
গত ২৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার পরিদর্শক মো. শাহজাহান আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।


