নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুরের সদর উপজেলা ও চিরিরবন্দর উপজেলার মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে যাওয়া আত্রাই নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর শহরের ক্ষেত্রীপাড়া এলাকার সাইদুল আলমের ছেলে সাজিদ হোসেন সাদ (১৮) ও মুন্সিপাড়া এলাকার মির্জা মমতাজুল ইসলামের ছেলে মির্জা সাকিল শামীম বিশাল (১৭)। এরা দুজনই দিনাজপুর হলিল্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, সোমবার দুপুরে চার বন্ধু মিলে সদর উপজেলার মোহনপুর এলাকায় গোসল করতে নামে। এ সময় পানিতে তারা তলিয়ে যেতে শুরু করলে স্থানীয়রা পানিতে নেমে দুজনকে উদ্ধার করলেও বাকী দুজন পানিতে তলিয়ে যায। পরে স্থানীয়রা ও রংপুর থেকে ডুবুরিরা নদীতে নেমে অনেক খোঁজাখুজির পর প্রায় আড়াই ঘন্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে আত্রাই নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


