বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়ার বিষয়টি মনিটরিং করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে বিদেশিদের বাড়িভাড়া দেওয়ার সময়ে তাদের ভিসার মেয়াদ দেখে সেই অনুযায়ী ভাড়া দেওয়ার সুপারিশ করেছে কমিটি।
সোমবার জাতীয় সংসদে বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি জিল্লুল হাকিমের সভাপতিত্বে বৈঠকে নূর-ই-আলম চৌধুরী, বি এ মোজাম্মেল হক, মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী এবং সানজিদা খানম ও বিশেষ আমন্ত্রণে সরকার দলের ইসরাফিল আলম অংশ নেন।
বৈঠকে ইসরাফিল আলমের বেসরকারি বিল ‘বিদেশি নিবন্ধন বিল- ২০১৫’ নিয়ে আলোচনা হয়। গত বছরের ১৮ নভেম্বর বিলটি সংসদে তোলেন ইসরাফিল। ওই বিলে বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়ার তথ্য সংরক্ষণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ‘বিদেশি নিবন্ধন সেল’’ গঠনের প্রস্তাব করা হয়। একইসঙ্গে বাংলাদেশে আসতে ইচ্ছুক বিদেশিদের ভিসা ফরমের সঙ্গে নিবন্ধন ফরম পূরণের বাধ্যবাধকতা রাখার প্রস্তাব করা হয়।
বৈঠক শেষে ইসরাফিল আলম সাংবাদিকদের বলেন, কমিটির বিলটি সংসদে না তোলার সুপারিশ করেছে। তবে বিলের মূল বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ায় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি মনিটরিং করার সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ‘বিদেশি নিবন্ধন বিল-২০১৫’ সম্পর্কে বলা হয়, যেহেতু দেশে বিদেশি নাগরিক এবং দ্বৈত নাগরিকদের দ্বারা কিছু-কিছু আইন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড সাধিত হয়েছে তাই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য বিদেশিদের আসা, অবস্থানের বিষয়ে পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার সুপারিশ করা হয়।
বৈঠকে ইসরাফিল আলমের উত্থাপিত অন্য একটি বিল ‘অসংগঠিত শ্রমিক কল্যাণ ও সামাজিক নিরাপত্তা (অপ্রাতিষ্ঠানিক খাত) বিল-২০১৫’ আরও আলোচনা ও সিদ্ধান্তের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর সুপারিশ করা হয়।
এছাড়া, স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর ‘বিধি ও প্রবিধান প্রণয়ন ক্ষমতা নিয়ন্ত্রণ বিল- ২০১৫’ ‘জেলা জজ আদালত মৌলিক অধিকার বলবৎকরণ (এখতিয়ার) বিল-২০১৫’, ‘সংবিধান (সপ্তদশ সংশোধন) বিল-২০১৪’’ সংসদে না তোলার সিদ্ধান্ত নেওয়া হয়।


