বিদ্যুৎ স্থাপনায় নাশকতা করলে সর্বোচ্চ ১০ বছর জেল এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে নতুন বিদ্যুৎ আইন করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ‘বিদ্যুৎ আইন- ২০১৬’ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “বিদ্যুৎ স্থাপনায় অনিষ্ট সাধনের জন্য কেউ বিদ্যুৎকেন্দ্র, বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন, খুঁটি বা অন্য যন্ত্রপাতি নাশকতার মাধ্যমে ভেঙে ফেললে বা ধ্বংস করলে অনধিক সাত থেকে দশ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।”
এর আগে বিদ্যুৎকেন্দ্রে নাশকতার ঘটনাগুলো এ আইনের আওতায় আসবে কি না সে বিষয়ে আইনে কিছু বলা হয়নি জানিয়ে শফিউল বলেন, আইনটি চূড়ান্ত অনুমোদনের সময় বিষয়টি আলোচনায় আসতে পারে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইংরেজিতে করা আইনগুলোকে বাংলায় করার বিধান রয়েছে। সেই আলোকে ১৯১০ সালের বিদ্যুৎ আইনকে হালনাগাদ করে নতুন এ আইন করা হচ্ছে।
“আগের আইনের কলেবর বাড়ানো হয়েছে। কিছু বিষয় যুক্ত করা হয়েছে, কিছু বিষয় বাদও দেওয়া হয়েছে,” বলেন তিনি।


