হলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আজ সোমবার ফের আন্দোলন শুরু হয়েছে। এরআগে গতকালই এ আন্দোলন স্থগিত করা হয়েছিল। তবে আজকের আন্দোলন কার বা কাদের নেতৃত্বে হচ্ছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যাচ্ছে না।
তবে এখনো পর্যন্ত বাম সংগঠনগুলোর নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয় আজকের আন্দোলনে।
সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালাচ্ছেন তারা। ফটকের সামনে পুলিশের উপস্থিতিও রয়েছে।
এরআগে একই দাবিতে রোববারও আন্দোলন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। পরে রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার নামে একটি ফেসবুক পেজ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা আসে।
আন্দোলনের নেতৃত্ব ছিলেন এমন কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে তারা আন্দোলন স্থগিত করার কথা স্বীকার করেন। কারণ হিসেবে তারা বলেন, আগস্ট মাস শোকের মাস। এ শোকের মাসে আমরা আন্দোলন করতে চাই না। ফলে আগামী ১৭ আগস্ট পর্যন্ত চলমান আন্দোলন স্থগিত করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পোস্টে বলা হয়, শোকের মাসের কারণে আন্দোলন আগামী ১৭ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ১৭ আগস্টের পরে দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।


