সৌদি আরবের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী ইসলামী জোট গঠনের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এ ব্যাপারে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সৌদি আরবকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংসদের এই বিরোধীদলীয় নেতা।
সৌদি আরব সফররত বিরোধীদলীয় নেতা সৌদি মজলিশ-এ সুরার ডেপুটি স্পিকার ডা. মোহাম্মদ আমিন আহমেদ জাফরির সঙ্গে বৈঠককালে এ সমর্থন জানানো হয় বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওই বৈঠকে বিরোধীদলীয় সংসদ সদস্য নূর-ই-হাসনা লিলি চৌধুরী, রওশন আরা মান্নান ও সালাহউদ্দিন আহমেদ (মুক্তি) এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ উপস্থিত ছিলেন।
বিরোধীদলীয় নেতা বাংলাদেশ ও সৌদি আরবের জাতীয় সংসদের মধ্যে আন্তঃযোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন। তিনি ভাতৃপ্রতিম দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের জন্য সৌদি শ্রম-বাজার সম্প্রসারণে সৌদি সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।
সৌদি ডেপুটি স্পিকার বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে অত্যন্ত গভীর ও ঐতিহাসিক বলে আখ্যায়িত করেন। তিনি এ সম্পর্ক আগামী দিনে আরো ঘনিষ্ঠতর হবে বলে আশা ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে সংসদীয় সহযোগিতার প্রস্তাব অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন।
এদিকে, সৌদি মজলিশ-এর শুরার আমন্ত্রণে গত ৬ আগস্ট থেকে সৌদি সফররত বিরোধীদলীয় নেতাকে স্থানীয় একটি হোটেলে সম্বর্ধনা দেওয়া হয়। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ’র সভাপতিত্বে সভায় প্রবাসী বাংলাদেশিরা বিরোধীদলীয় নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সংসদীয় গণতন্ত্র রক্ষা ও দেশের প্রকৃত উন্নয়নে তাঁর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
গত ৮ আগস্ট জাতীয় সংসদের সফররত বিরোধীদলীয় প্রতিনিধিদল রিয়াদে অবস্থিত চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন। দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বহুমাত্রিক সম্ভাবনা রয়েছে এবং এ সম্ভবনাকে কাজে লাগিয়ে উভয় পক্ষ লাভবান হতে পারে বলে বৈঠকে একমত পোষণ করা হয়। এ ছাড়া রিয়াদের নূরা বিনতে আবদুল রাহমান মহিলা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন প্রতিনিধি দল।


