বুধবার ৪ নভেম্বর ২০২৬

জেলা নির্বাচন কর্মকর্তারা পেলেন মিতসুবিশির আউটল্যান্ডার জিপ

Mitshibishi Outlanderনির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মাঠ পর্যায়ের অফিসগুলোকে আরো শক্তিশালী করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তাদের একটি করে জিপ দেওয়া হচ্ছে।

ইসির জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

আসাদুজ্জামান জানান, প্রতিটি জেলার নির্বাচন কর্মকর্তাদের জন্য গাড়ি সরবরাহ করা হচ্ছে। ৭ আগস্ট দুপুরে ২৬টি জেলায় ২৬ জেলা নির্বাচন কর্মকর্তাকে জিপ দেওয়া হয়েছে। তাঁদের জাপানের তৈরি নতুন মিতসুবিশি আউটল্যান্ডার গাড়ি দেওয়া হয়েছে।

আসাদুজ্জামান আরো জানান, এরই মধ্যে ১৯টি বৃহত্তর জেলায় মিতসুবিশি পাজেরো জিপ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে বাকি ১৯টি জেলায় গাড়ি সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। জেলা অফিসগুলোতে গাড়ি সরবরাহের ফলে জেলা নির্বাচন কর্মকর্তাদের কাজ আরো গতিশীল হবে।

৭ আগস্ট যেসব জেলায় গাড়ি দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে—পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, নওগাঁ, সিরাজগঞ্জ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, বরগুনা, মাদারীপুর, গোপালগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, জামালপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান।

প্রতিটি গাড়ির দাম প্রায় ৬৭ লাখ টাকা। এ অর্থ জিওবি ফান্ড (সরকারি তহবিল) থেকে জোগান দেওয়া হয়েছে। গাড়িগুলো আমদানি করেছে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরও পড়ুন