বুধবার ৪ নভেম্বর ২০২৬

উপযুক্ত পরিবেশের অভাবে তরুণরা বিপথগামী হচ্ছে

photo-1470812997উপযুক্ত পরিবেশ তৈরির অভাবেই তরুণরা বিপথগামিতার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘দুর্জয় তারুণ্য- দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ শীর্ষক এক মানববন্ধনে এ মন্তব্য করেন টিআইবির এ পরিচালক।

ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘তরুণদের বিপথগামিতা থেকে বিরত রাখার দায়িত্ব মুক্তিযুদ্ধের প্রজন্মের লোকদেরই নিতে হবে। দায়িত্ব নিয়েই তরুণদের উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা সঠিক পথে ধাবিত হয় এবং এসব অপকর্মে নিরুৎসাহিত হয়।’

তরুণদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, ‘এ দেশের যত ইতিবাচক অর্জন রয়েছে- রাজনৈতিক এবং সামাজিকভাবে সব অর্জনে নেতৃত্বপূর্ণ ভূমিকা পালন করছে তরুণরা। তারই ধারাবাহিকতায় বর্তমানে দুর্নীতি যে বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম, সে সমস্যা কাটিয়ে ওঠার জন্য তরুণদের সম্পৃক্ত করতে চাই। তাদের মুখ থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার বিষয়টি তুলে ধরতে চাই। তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে; সরকারে এবং সরকারের বাইরে দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের হাতে অর্পিত হয়েছে, তারা যথাযতভাবেই সে সমস্যা সমাধানে ভূমিকা পালন করবেন।’

টিআইবির এ পরিচালকের মতে, মুক্তিযুদ্ধের চেতনায় একটি স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের যে আত্মপরিচয় তার সঙ্গে জঙ্গিবাদ-উগ্রবাদ বা সাম্প্রদায়িকতার বিষয়গুলো মোটেই যায় না। এ চেতনায় উদ্বুদ্ধ যে তরুণ সমাজ, তারা অবশ্যই সেগুলোকে বর্জন করবে। মানুষকে সোচ্চার করবে।

আরও পড়ুন