বুধবার ৪ নভেম্বর ২০২৬

অর্থপাচার বন্ধে সরকারি সংস্থাগুলোর ব্যর্থতায় ক্ষুব্ধ সংসদীয় কমিটি

1money__picদেশে বিদেশী বিনিয়োগকে আকৃষ্ট করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার। আর দেশ থেকেই অর্থ পাচার হয়ে যাচ্ছে হরহামেশেই। ঠেকাতে ব্যর্থ সরকারি সংস্থাগুলো। কাউকে চিহ্নিতও করতে পারেনি তারা। আর রিজার্ভ চুরির মতো বড় ঘটনা ঘটলেও সেই ঘটনার তদন্ত রিপোর্ট এখনো প্রকাশ পায়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক। বৈঠকে কমিটির সদস্য অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, আব্দুল ওয়াদুদ, টিপু মুনশি, মোস্তাফিজুর রহমান চৌধুরী, শওকত চৌধুরী ও আখতার জাহান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, ২০১৩ সালে ৯৯৬ কোটি টাকা পাচার হয়েছে। গত দশ বছরের প্রতি বছর গড়ে ৫০০ কোটি টাকা করে পাচার হচ্ছে। ওভার ইনভয়েস-আন্ডার ভয়েস করে টাকা পাচার হচ্ছে। ফাইনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের কাজ টা কী? তারা একজনকেও চিহ্নিত করতে পারেনি। এনিয়ে আমরা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছি।

কমিটির সভাপতি বলেন, কানাডার বেগম পাড়ায় টাকা পাচার হয়। মালয়েশিয়ায় সেকেন্ড হোম এ আমরা তৃতীয় হয়েছি। ২০১৫ সালের মে মাসে ৪০০-৫০০ মার্কিন ডলারের চাল ৮০০-১০০০ ডলার দেখিয়ে আমদানি করা হয়েছে। এই বিষয়গুলো তদন্ত করে দেখতে হবে। তিনি আরো বলেন, ২০১৪-১৫ সালে ক্যাপিটাল আইটেম দেখিয়ে কী আনা হয়েছে সেগুলো কী দেখা হয়েছে?

আরও পড়ুন