বুধবার ৪ নভেম্বর ২০২৬

পুলিশের ডাকে হিজবুত তাহরীরের ৩ নেতার আত্মসমর্পণ

Jessore-jonggi-EDIT-নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের তিন নেতা স্বাভাবিক জীবনে ফেরার জন্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার বিকেলে অভিভাবকরা এই তিনজনকে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের কাছে হস্তান্তর করেন।

পরে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ জামান আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

আত্মসমর্পণকারী তিনজন হলেন- শহরতলির খোলাডাঙ্গা কদমতলা এলাকার শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসির সজল (৩২), ধর্মতলা মোড়ের আবদুস সালামের ছেলে রায়হান আহমেদ (২০) এবং খোলাডাঙ্গা কদমতলার একেএম শরাফত মিয়ার ছেলে মেহেদি হাসান পাশা (২০)।

এরা তিনজনই হিজবুত তাহরীরের নেতা। এদের মধ্যে সাদ্দাম ইয়াসির সজলের পদবি ‘মোশরেক’। বাকি দুজন ‘শাবাব’ পদবিধারী। ক্যাডারভিত্তিক সংগঠনটিতে মোশরেক অপেক্ষাকৃত উঁচু পদ। শাবাব তার নিচের পদ।

সম্প্রতি যশোর পুলিশ যে পাঁচজনের জঙ্গি তৎপরতায় যুক্ত বলে নাম-ছবিসহ পোস্টার ছাপে, রায়হান আহমেদ তার অন্যতম। তবে পুলিশের তালিকায় এক নম্বরে থাকা শংকরপুরের কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না যে জঙ্গি তৎপরতায় যুক্ত নন, তা ইতিমধ্যে প্রমাণ হয়েছে। পুলিশের কাছে আত্মসমর্পণের পর কারাগার ঘুরে তিনি এখন মুক্ত জীবনযাপন করছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ জামান বলেন, যেহেতু এই তিন তরুণ চরমপন্থি সংগঠন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে। তাই এদের সুযোগ দেওয়া হবে। এদের বিষয়টি মানবিকভাবে দেখা হবে।

অনুষ্ঠানে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, জঙ্গি সংগঠনে সম্পৃক্তদের কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তার জন্য সে পথ খোলা রয়েছে। আইনগত সহায়তা ছাড়াও পুলিশ প্রয়োজনে তাদের কাউন্সেলিং করার ব্যবস্থাও নেবে।

প্রেস ব্রিফিংয়ে ডিআইজি, যশোরের পুলিশ সুপার ছাড়াও সিনিয়র কর্মকর্তা ও সব থানার ওসিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন