বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

বিএনপিকে সার্কাস পার্টি ও মীরজাফরের দল বলিনি: পাপিয়া

17760-papiaamarসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের কোনো অ্যাকাউন্ট নেই বলে দাবি করেছেন বিএনপি নেত্রী আসিফা আশরাফি পাপিয়া।

বিএনপিকে ‘সার্কাস পার্টি’ উল্লেখ করে তাঁর নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া স্ট্যাটাস ও এর পরিপ্রেক্ষিতে পরিবেশিত সংবাদ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিএনপির এই নেত্রী।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাপিয়া।

সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া বলেন, ‘ফেসবুকে আমার কোনো আইডি নেই। সেখানে কোনো স্ট্যাটাস দেওয়ার প্রশ্নই আসে না। ভুয়া আইডি খুলে আমার নামে মনগড়া স্ট্যাটাস দিয়ে কিছু সংবাদপত্র ও কোনো কোনো টেলিভিশনে সংবাদ প্রকাশ করা একটি ষড়যন্ত্রেরই অংশ।’

পাপিয়া বিএনপির নবঘোষিত কমিটিতে সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নবম শ্রেণি থেকে বিএনপি করছেন উল্লেখ করে তিনি বলেন, এই দলে তাঁর কোনো চাওয়া-পাওয়া নেই।

সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘ছাত্রজীবন থেকে এ যাবৎকাল পর্যন্ত আমার জীবনে যতটুকু সম্মান মর্যাদা প্রাপ্তি ঘটেছে, তার সব অবদানই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। দলের পদ-পদবি পাওয়া না পাওয়ার ওপর দল করার এবং দলের প্রতি আনুগত্য প্রকাশ করা নির্ভর করে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেখানে উপযুক্ত মনে করেছেন সেখানেই আমাকে রেখেছেন এবং সেখানেই আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে অতীতে যেভাবে দল করেছি আগামীতেও ঠিক সেভাবে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি।’

“বিএনপি কি সত্যিই ‘সার্কাস পার্টি’?” শিরোনামে বুধবার একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন করেন পাপিয়া। এই সংবাদটিকে তিনি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন। প্রতিবেদনে নিয়মনীতির অনুসরণ করা হয়নি এবং তাঁর সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

ভবিষ্যতে যাচাই বাছাই ছাড়া ভুয়া আইডির স্ট্যাটাসের ভিত্তিতে এমন সংবাদ প্রকাশ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন পাপিয়া। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।

আরও পড়ুন