বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ না করায় ক্ষোভ প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি ড. রাজ্জাক বলেন, প্রতিবেদনটা কেন এখনও রেখে দিয়েছে। আমরা এটা কমিটির কাছে দিতে বলেছি। অথচ দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, কমিটির সব সদস্যরা মনে করে ৮০ মিলিয়ন ডলার যেট গেছে সেটাতো গেছে। কিন্তু দেশের ভাবমূর্তিটা বড় বিষয়। এই ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করাটা জরুরি। কারা দায়ী সেটা বের করতে পারলে অন্যান্য দেশও এ বিষয়ে সজাগ হতে পারবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সে সরিয়ে নেওয়া হয়, যাকে বিশ্বের অন্যতম বড় সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে। এ ঘটনায় সাবেক গভর্ণর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন হস্তান্তর করা হয়। গত ২১ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের জানান তদন্ত কমিটির প্রতিবেদন ঈদের (ঈদুল ফিতর) পর প্রকাশ করা হবে। এর আগে গত ২ জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন তিনি চলতি অধিবেশনেই রিজার্ভ চুরির বিষয়ে ৩০০ বিধিতে বিবৃতি দেবেন। কিš’ প্রতিবেদনটি এখনো প্রকাশ করা হয়নি।
ফিলিপিন্স যাবে সংসদীয় কমিটি
চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়া তরান্বিত করার পদক্ষেপ হিসেবে রাজনৈতিক পর্যায়ে আলোচনা করতে ফিলিপিন্সে সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, ফিলিপিন্সে নতুন সরকার এসেছে। সিনেট কমিটিও নতুন। টাকা ফেরত আনার বিষয়ে প্রক্রিয়া চলছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক সহযোগিতা করছে। এখন ফিলিপিন্সের রাজনৈতিক নেতাদের সঙ্গে আমরা কথা বলতে চাচ্ছি। তিনি বলেন, যেহেতু তারাও রাজনীতিক, আমরাও রাজনীতিক, সেজন্য রাজনৈতিক পর্যায়ে আলোচনা করতে সিনেট কমিটি, ওদের আইনমন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলা যায় কীনা সেটা প্রস্তাব দিয়েছি। সরকার এখন বিষয়টি বিবেচনা করবে।



