নিষিদ্ধ সংগঠন জেএমবি পরিচালিত আত-তামকীন নামের ‘জঙ্গি ওয়েবসাইটের’ অ্যাডমিনসহ গ্রেপ্তার ছয়জনকে তিন মামলায় রিমান্ডে পেয়েছে পুলিশ। তাদের প্রত্যেককে অস্ত্র মামলায় দুই দিন, সন্ত্রাসের মামলায় ছয় দিন এবং বিস্ফোরকের মামলায় দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
পুলিশের আবেদনে বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবীর রাজ এ অনুমতি দেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পুলিশ কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত রাজধানীর শাহ আলী থানার উত্তর বিশিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তাদের কাছ থেকে ‘বিপুল পরিমাণ’ বিস্ফোরক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটক ছয়জনের মধ্যে অপর পাঁচজন জেএমবির ‘স্লিপার সেলের’ সদস্য।
অস্ত্র, সন্ত্রাস ও বিস্ফোরক আইনের পৃথক তিন মামলায় তাদের প্রত্যেককে ১০ দিন করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন শাহ আলী থানার এসআই অনুজ কুমার সরকার।
আদালত পুলিশের কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “তাদের প্রত্যেককে অস্ত্র মামলায় দুই দিন, সন্ত্রাসের মামলায় ছয় দিন এবং বিস্ফোরকের মামলায় দুই দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।”
আদালতে গ্রেপ্তারকৃতদের নির্দোষ দাবি করে তাদের জামিন আবেদন করেছিলেন আইনজীবী মুজিবুর রহমান দুলাল। শুনানিতে তিনি বলেন, “এরা এই ঘটনায় যুক্ত নন।”
অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়ে যাওয়ায় পুলিশ তাদের রিমান্ডে নিয়ে কী করবে- শুনানিতে সে প্রশ্নও রাখেন এই আইনজীবী।


