বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর জন্য ইলিশ নিয়ে গণভবনে কোরবান আলী

hilsa1470991470ভোলার মনপুরার মেঘনা নদীতে ধরা পড়া ৩ কেজি ২০০ গ্রাম ওজনের সেই ইলিশ মাছ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে গণভবনে পৌঁছেছেন কোরবান আলী বেপারী।

শুক্রবার সাড়ে ১২টার দিকে তিনি গণভবনে মূল ফটকের সামনে পৌছান। পরবর্তী সময়ে সেখানে অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে গণভবনে প্রবেশ করেন বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার মনপুরা থেকে লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন কোরবান আলী। এর আগে গত বুধবার বিকেলে স্থানীয় জেলে আক্তার মাঝির জালে ইলিশটি ধরা পড়ে। ওই দিন সন্ধ্যায় তিনি ৩ কেজি ২০০ গ্রাম ওজনের মাছটি বিক্রির জন্য রামনেওয়াজ ঘাটে নিয়ে যান। ইলিশটি দেখার পর মাছ ব্যবসায়ীসহ উপস্থিত লোকজনের মধ্যে হৈচৈ পড়ে যায়।

পরবর্তী সময়ে আলমগীর মেম্বারের আড়তে মাছটি নিয়ে গেলে নিলামে ১২ হাজার ২০০ টাকায় কিনে নেন এই কোরবান বেপারী। ওই সময় মাছটি কেনার জন্য বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে শুরু করে আড়তে। অনেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দাম হাকান। কিন্তু কোরবান আলী ইলিশটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার জন্য কিনে নেন। এ লক্ষ্যে তিনি বৃহস্পতিবার দুপুরে এমভি ফারহান-৪ লঞ্চে ইলিশটি নিয়ে ঢাকায় রওনা দেন।

আরও পড়ুন