বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল বৃহস্পতিবার কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৬৫ বছর বয়সী এই বিএনপি নেতা বৃহস্পতিবার রাত ৯টার দিকে কলকাতার রবীন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
কলকাতায় অবস্থানরত নিহতের ভাই মিজানুর রহমানের বরাত দিয়ে নাটোরের লালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর-১ (লালপুর-বাগাতিবাড়ি) আসনের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান পটল ২০০১-২০০৬ বিএনপি-জামায়াত জোট সরকারে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন। আর আগের বিএনপি সরকারের সময় ১৯৯৩-৯৬ সাল পর্যন্ত সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ফজলুর রহমান পটল ১৯৭৫ সালের আগে ছাত্রলীগের রাজনীতি করতেন। তিনি রাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে হাত ধরে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। এরপর তিনি বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে ফজলুর রহমান পটল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নিযুক্ত হন। বর্তমান কমিটিতেও একই পদে বহাল ছিলেন তিনি।
বিএনপির এ নেতা কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর বাড়ি নাটোরের লালপুর উপজেল গৌরীপুর গ্রামে।


