বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্যাস দিয়ে ভাত-তরকারি রান্না একেবারেই অপচয়: অর্থমন্ত্রী

Finance Minister Muhithগৃহস্থালিতে গ‌্যাস ব‌্যবহারের বিপক্ষে নিজের অবস্থান আবার তুলে ধরে এই ধারা থেকে সরকার বেরিয়ে আসছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মুহিত বলেছেন, গ্যাস এত মূল্যবান সম্পদ যে, এটা দিয়ে ভাত-তরকারি রান্নার করা একেবারেই অপচয়।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো সেন্টারে জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমরা ভেবেছিলাম, আমাদের দেশে প্রচুর গ্যাস রয়েছে। তাই ডোমেস্টিক কনজাম্পশনে (গৃহস্থালিতে ব‌্যবহার) গ্যাস সরবরাহ করেছিলাম। এখন আমরা যা দেখছি, আমাদের কাছে গ্যাস যা আছে, তা একেবারেই যৎসামান্য। এটা আমাদের নিজেদের বোঝা উচিত, অন্যদের বোঝানো উচিত যে, রান্নাবান্নায় গ্যাসের ব্যবহার চলবে না।

তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত গ্যাসের ১২ শতাংশ ব্যবহার হয় গৃহস্থালিতে রান্নার কাজে। গ‌্যাস সংকটের কারণে ২০০৯ সাল থেকে গৃহস্থালিতে নতুন আর গ‌্যাস সংযোগ দেওয়া হচ্ছে না বললেই চলে। সরকার নানা পদক্ষেপের মাধ‌্যমে গৃহস্থালিতে গ‌্যাস ব‌্যবহার নিরুৎসাহিত করছে। বাসা-বাড়িতে পাইপলাইনের গ‌্যাস সংযোগ না দেওয়ার পাশাপাশি সিলিন্ডারে এলপিজি আমদানি উৎসাহিত করছে সরকার।

মন্ত্রী বলেন, এ নিয়ে আন্দোলন করে কোনো লাভ হবে না। চিৎকার করে কোনো লাভ হবে না। এটা কোনোভাবেই হবে না। বর্তমানে দেশে প্রতিদিন প্রায় ৩ হাজার মিলিয়ন ঘনফুটের মতো গ্যাসের চাহিদা রয়েছে। এর বিপরীতে উৎপাদন দুই হাজার মিলিয়ন ঘনফুটের কিছু বেশি।

আরও পড়ুন