ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়েকে ফেসবুকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। এই অভিযোগ জানিয়েছেন রাষ্ট্রপতি-তনয়া শর্মিষ্ঠা মুখার্জি নিজেই।
নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অভিযোগ করেন, বেশ কয়েক দিন ধরেই পার্থ মণ্ডল নামে এক ব্যক্তি ফেসবুকে তাকে অশ্লীল মেসেজ পাঠিয়ে যাচ্ছিলেন। প্রথমে ওই ব্যক্তিকে ফেসবুকে ‘ব্লক’ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরে এই ঘটনার কথা সামনে আনেন শর্মিষ্ঠা।
তিনি বলেন, পার্থ মণ্ডল নামে এক উন্মাদ আমাকে ক্রমাগত অশ্লীল মেসেজ পাঠাচ্ছিল। আমি প্রথমে ভেবেছিলাম উপেক্ষা করব। কিন্তু পরে ভাবি চুপ করে থাকলে এই ধরনের মানুষের স্পর্ধা আরও বাড়বে।
শর্মিষ্ঠা ওই ব্যক্তির পাঠানো অশ্লীল মেসেজের স্ক্রিন শট ফেসবুক পাতায় পোস্ট করে জানান, এই বিষয়ে দিল্লির সাইবার সেলে অভিযোগ জানাবেন।
তিনি বলেন, আমি রাষ্ট্রপতির কন্যা হিসেবে বিশেষ কোনও দৃষ্টি আকর্ষণ করতে চাই না। যে কোনও সাধারণ মহিলার মতোই আমার কেসটি দেখুক পুলিশ।


