বুধবার ৪ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

photo-1471243466জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

বাড়ির ভেতর মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া বাইরে মোনাজাতে অংশ নেন মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের নেতারা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা।

এর আগে জাতীয় শোক দিবসে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ভোরে তাঁরা জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁদের গার্ড অব অনার দেয়। এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আওয়ামী লীগ নেতা ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে দলের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখান থেকে ফিরে যাওয়ার পর স্থানটি উন্মুক্ত করে দেওয়া হয়। তখন সেখানে আওয়ামী লীগের বিভিন্ন শাখা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষও।

আরও পড়ুন