বুধবার ৪ নভেম্বর ২০২৬

আখাউড়া-আগরতলা ডুয়েল গেজসহ ৬ প্রকল্প অনুমোদন

Akhaura jongআখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগসহ ৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৫ কোটি ৪৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৬৭৪ কোটি ৭১ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৪২০ কোটি ৭৬ লাখ টাকা। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনাসচিব তারিক-উল ইসলাম ও সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, শাহপরীর দ্বীপ বাঁধ নির্মাণের সময় বাঁধের পাড় মজবুত করে বেঁধে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, এখন থেকে গৃহ নির্মাণের বড় প্রকল্পের পাশাপাশি ছোট ছোট প্রকল্প হাতে নেওয়া হবে। বর্তমানে ১২০০ থেকে প্রকল্পের সংখ্যা ১৫০০ হবে। পিছিয়ে পড়া মানুষদের অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে এসব ছোট প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। যাতে প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে। তিনি বলেন, কামার, কুমার, বেদে, জেলে, নাপিত, কাঠমিস্ত্রি, মিষ্টির কারিগর ও বাঁশ বেতের যারা কাজ করে তাদের জন্য প্রকল্প নেওয়া হবে।

অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে ভৈরব রিভার বেসিন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২৭২ কোটি ৮২ লাখ টাকা। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে পোল্ডার নম্বর ৬৮ এর সি-ডাইক অংশে বাঁধ পুনর্নির্মাণ ও প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ১৬ লাখ টাকা। চট্টগ্রাম জেলার বাপাউবোর আওতায় উপকূলীয় অঞ্চলের পোল্ডার নম্বর ৬১/১ (সীতাকুণ্ড), ৬১/২ (মীরসরাই) ও ৭২ (সন্দ্বীপ) এর বিভিন্ন অবকাঠামোসমূহের ভাঙন প্রতিরোধ, নিষ্কাশন এবং সেচব্যবস্থার উন্নয়নের জন্য পুনর্বাসন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি ৪০ লাখ টাকা। নগরভিত্তিক প্রান্তিক মহিলা উন্নয়ন (দ্বিতীয় পর্যায়) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৮৬ কোটি ১৫ লাখ টাকা। আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেল সংযোগ নির্মাণ (বাংলাদেশ অংশ) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৪৭৭ কোটি ৮১ লাখ টাকা। ঢাকার শেরেবাংলা নগরস্থ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কমপ্লেক্স নির্মাণ ( ৮ থেকে ১১তলা) (তৃতীয় পর্ব) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ১৩ লাখ টাকা।

পরিকল্পনামন্ত্রী জানান, ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় আগরতলা-আখাউড়া রেল সংযোগ প্রকল্পের বিষয়ে অনুলিপি চূড়ান্ত হয়েছিল। ভারতের পক্ষে এতে সই করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত বছরের জুনে ঢাকা সফরকালে এই প্রকল্পে অর্থায়নের আশ্বাস দিয়েছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৪৭ সালের দেশভাগের সময়ে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার রেল সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন