বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের বাঙালিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকার: ওবায়দুল কাদের

Obaedul_kaderসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় দেশটির কিছু শহরে বাঙালিদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন।

মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নবীনগরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

গত ১৩ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে আল ফোরকান জামে মসজিদে জোহর নামাজ শেষে ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বাংলাদেশি ইমাম মাওলানা আলাউদ্দিন আখুঞ্জি ও তাঁর সহকারী তারা উদ্দিন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ওবায়দুল কাদের জানান, বাংলাদেশি নিহতের ঘটনায় এরই মধ্যে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট দুঃখ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের কথা জানিয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।

আসন্ন ঈদুল আজহায় বাড়ি ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও জনপথ বিভাগ কাজ শুরু করেছে বলেও জানান মন্ত্রী।

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত ড্রাইভিং লাইসেন্স এবং আইন না মেনে সড়ক-মহাসড়কে গাড়ি চালানোর দায়ে বেশ কয়েকজন চালক ও যাত্রীকে জরিমানা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও সেতু বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

আরও পড়ুন