বুধবার ৪ নভেম্বর ২০২৬

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন কোনো বাধা হবে না: শিক্ষামন্ত্রী

নুরুল-ইসলাম-নাহিদসদ্য এইচএসসি ও সমমানে উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে আসন সংখ্যা কোনো বাধা হবে না বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফল প্রকাশের পর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী বলেন, “কোনো শিক্ষার্থী যদি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে চায় তবে আসনের জন্য তা বাধা হবে না।”

অবশ্য সবাই যে পছন্দের সেরা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, সে কথাও তিনি মনে করিয়ে দেন।

“পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে সব থেকে পছন্দের প্রতিষ্ঠানে সবাই ভর্তি হতে পারে। উচ্চ শিক্ষার দ্বার কোনো দেশেই আমাদের দেশের মত উন্মুক্ত নয়।”

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন শিক্ষার্থী পাস করেছেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ২৭৬ জন।

এবার একাদশ শ্রেণিতে ভর্তির পর কলেজগুলোতে এখনও সাত লাখ আসন ফাঁকা রয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “আমি নিশ্চিত যে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানেও অনেক আসন ফাঁকা থাকবে। আসনের জন্য কেউ ভর্তি হতে পারেনি- এমন কেউ থাকলে আমাদের দেখাবেন।”

উচ্চ মাধ্যমিকের ফলাফলে এবার সব সূচকে ইতিবাচক পরিবর্তনে সন্তোষ জানিয়ে নাহিদ বলেন, “নকলমুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার সহযোগিতা নিয়েই প্রশ্ন ফাঁস রোধ করা গেছে। পরীক্ষা শেষ হওয়ার ৫৭তম দিনে ফল প্রকাশ করা হল।”

আট বোর্ডের অধীনে এবার ছাত্রদের চেয়ে ২৯ হাজার ৩৫ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসেছিল। আর ছাত্রদের চেয়ে ৭ হাজার ৬২৯ জন বেশি ছাত্রী এবার উচ্চ মাধ্যমিক পাস করেছে।

এইচএসসিতে ছাত্রদের চেয়ে ২ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট বেশি ছাত্রী পাস করেছে জানিয়ে নাহিদ বলেন, “মেয়েদের উত্থান ঘটেছে, যারা অতীতে পিছিয়ে ছিল।”

এ বিষয়টিকে সমাজের একটি ‘মৌলিক পরিবর্তন’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “সব মেয়েরা স্কুলে আসছে। দেখা যাচ্ছে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করলে পারলে ছেলেদের পাশাপাশি মেয়েরাও যে কোনো চ্যালেঞ্জিং কাজ করতে পারে।”

এবার ১৯টি বিষয়ের ৩৬টি পত্রে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে পরীক্ষা হয়। গত বছর ১২টি বিষয়ের ২৩টি পত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়েছিল।

এইচএসসিতে (সাধারণ আট বোর্ডে) সারাদেশে এবার ৪৮ হাজার ৯৫০ জন জিপিএ-৫ পেয়েছে, যাদের মধ্যে ২৮ হাজার ১১০ জনই ঢাকা বোর্ডের।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষামন্ত্রী বলেন, বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকায়, ঢাকার প্রতিষ্ঠানে ভাল শিক্ষার্থীরা ভর্তি হয়। সেজন্য এ বোর্ড থেকে বেশি জিপিএ-৫ পাওয়া ‘স্বাভাবিক’।

“মাদ্রাসা ও কারিগরিতে প্রতি বছরই বেশি পাস করে, এটা নিয়ে আপনারাই (সাংবাদিক) প্রতি বছর বলেন। এবার তো খুশি হওয়ার কথা, একটু কমেছে,” হাসতে হাসতে বলেন নাহিদ।

শিক্ষা সচিব সোহরাব হোসাইন বলেন, “আশা করছিলাম আপনারা (সাংবাদিক) প্রশ্ন করবেন এত ফেল করল কেন… কোনো অভিভাবক ফেল করার জন্য তার সন্তানকে স্কুলে পাঠায় না।

“এত সুযোগ-সুবিধা দেওয়ার পর কোনো ছাত্রই ফেল করতে পারে না। একশ পার্সেন্ট পাস করার উচিত, একশ পার্সেন্ট যে পাস করছে না এটা গাফিলতি, আমাদের দুর্বলতা, আমাদের সেভাবেই এগুতে হবে।”

ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান জানান, যারা এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দিয়েছে, বৃহস্পতিবার থেকেই তারা ওয়েবসাইটে জিপিএর সঙ্গে নম্বর জানতে পারবে।

আরও পড়ুন