বুধবার ৪ নভেম্বর ২০২৬

জিপিএ-৫ নিয়ে বিব্রত বরিশাল বোর্ড

Barisal1471502959সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭০ দশমিক ১৩ শতাংশ। গতবার ছিল ৭০ দশমিক ০৬ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মু. শাহ আলমগীর।

তিনি জানান, এ বছর ৩১৫ কলেজের ১০৯টি সেন্টারে ৬২ হাজার ৬৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬১ হাজার ৫৩৮ জন অংশ নেয়। পাস করেছে ৪৩ হাজার ১৫৭ জন।

এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৮৭ জন, গতবার জিপিএ-৫ পেয়েছিল এক হাজার ৩১৯ জন।

গত বছরের মতো এ বছরও ছেলেদের চেয়ে মেয়েদের ফলাফল তুলনামূলক ভালো। তবে জিপিএ-৫ এ আনুপাতিক হারে মেয়েদের সংখ্যা কম।

মেয়েদের ২৯ হাজার ৮৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২৯ হাজার ৩৫৭ জন এবং পাস করেছে ২১ হাজার ২৫০ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৭১ জন।

ছেলেদের ৩২ হাজার ৮১৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩২ হাজার ১৮১ জন, এদের মধ্যে ২১ হাজার ৯০৭ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৪১৬ জন।

বরিশাল ক্যাডেট কলেজসহ দুটি শিক্ষা প্রতিষ্ঠান ফলাফলে শতভাগ পাস করেছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার শূন্য নেই।

জিপিএ-৫ এর এমন বিপর্যয়ে বিব্রত খোদ বোর্ড প্রশাসন। বরিশাল শিক্ষা বোর্ডের সচিব আব্দুল মোতালেব জানান, যুক্তিবিদ্যা, অর্থনীতি ও আইসিটি বিষয়ে নতুন করে সৃজনশীল পদ্ধতি সংযোজিত হওয়ায় পাস করা সহজ হলেও ভালো ফলাফল করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন