বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩১ আগস্ট আদালতে হাজির হতে হবে খালেদা জিয়াকে

imagesজিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আগামী ৩১ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থন করতে আদালতে হাজির হতে হবে। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ আদেশ দেওয়া হয়।
আদালত প্রথমে ১ সেপ্টেম্বর আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করেন। ওই দিন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় খালেদা জিয়ার পক্ষ থেকে সময় পরিবর্তনের আবেদন করা হয়। আদালত তারিখ বদলে ৩১ আগস্ট দিন ধার্য করেন।
১৮ আগস্ট এই মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল। তাঁর অনুপস্থিতিতে সময়ের আবেদন জানান আইনজীবীরা। পরে নতুন তারিখ পুনর্নির্ধারণ করেন আদালত।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা জিয়া ছাড়া অন্য তিন আসামি হলেন তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে মামলা হয়। মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক হারুন-অর রশিদ।

আরও পড়ুন