নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ সাড়ে ৩ বছরের নির্বাসনে কাটিয়ে অবশেষে মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। যেখানে কঠোর অধ্যাবসায় করে নিজেকে আবারো পুরনো রুপে ফিরে পেতে চান সাবেক এই অধিনায়ক।
২০১৬ সালের ১৩ আগস্ট তার শাস্তির মেয়াদ শেষ হয়েছে। তাই এখন থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারবেন টেস্ট ক্রিকেটে অভিষেকেই সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড গড়া আশরাফুল।
শেষ তিন বছরে আশরাফুল যখন ক্রিকেটের বাহিরে, ততোদিনে স্বপ্নযাত্রায় দীর্ঘ পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। তাই এগিয়ে যাওয়া এই বাংলাদেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা এখন বড় চ্যালেঞ্জ। আশরাফুল বলেন, “যেভাবে এখন ক্রিকেট চলছে, সেভাবেই আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব।”
ক্রিকেটের বাহিরের জীবন অনেক কিছুই শিখিয়েছে আশরাফুলকে। দীর্ঘ এই সময়ে নিজেকে চিনেছেন নতুনভাবে। তাই তো মানসিকভাবে এখন আরও বেশি শক্ত টেস্ট ক্রিকেটের এই সর্বকনিষ্ঠ সেঞ্চুরীয়ান। আশরাফুল বলেন, “মাঠে ফেরার জন্য যে সাপোর্ট পেয়েছি আমি সবার কাছ থেকে, তাদের জন্য হলেও আমি কিছু করে দেখাতে চাই। আমি আরও ভালো কিছু দিতে চাই দেশকে, ইনশাআল্লাহ”
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোয় জড়িয়ে আট বছরের নিষেধাজ্ঞার শাস্তি পান আশরাফুল। এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। তাতে নিষেধাজ্ঞার মেয়াদ কমে দাঁড়ায় পাঁচ বছরে। এর মধ্যে দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা হওয়ায় শাস্তিটা আসলে তিন বছরের।


