বাংলাদেশের চাকরি হারালেন রুয়ান কালপাগে। শ্রীলঙ্কার এই সাবেক ক্রিকেটার ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ। কিন্তু বেশ কিছুদিন হলো কাজে ফিরছেন না। ১৬ আগস্টের মধ্যে তাকে কাজে যোগ দিতে বলেছিল ক্রিকেট বোর্ড বিসিবি। তাতে সাড়া না দেওয়ায় বরখাস্ত হয়েছেন কালপাগে।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, “আমরা ১৬ আগস্টের মধ্যে তাকে কাজে যোগদান করতে বলে চিঠি দিয়েছিলাম। তিনি সাড়া দেননি। তাই বিসিবি তার চুক্তি বাতিল করেছে।”
১৭ আগস্ট বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছিলেন, ডেডলাইন মেনে সাড়া না দেওয়ায় কালপাগে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন কালপাগে। বিসিবির সাথে যোগাযোগও ছিল তার।
বিসিবি জানাচ্ছে অন্য বিদেশী কোচিং স্টাফরাও তাদের উদ্বেগের কথা জানিয়েছিল। তাদের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে, ফিল্ডিং কোচ রিচার্ড হালসাল এবং স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভাল্লাভারায়ান এই মাসের শুরুতেই ঢাকায় ফিরেছেন। প্রত্যেকের জন্য একজন নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
গত সপ্তাহে কালপাগেকে চিঠি পাঠায় বিসিবি। ২০১৪ সালের আগস্টে দুই বছরের জন্য বাংলাদেশের সহাকারী কোচ হিসেবে নিয়োগ পান কালপাগে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি নবায়ন করা হয়েছিল। এর আগে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত তিনি জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।


