বুধবার ৪ নভেম্বর ২০২৬

বসুন্ধরা সিটির আগুন ‘৯৯ ভাগ নিয়ন্ত্রণে’

bosundhora_agunরাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের আগুন ‘৯৯ ভাগ নিয়ন্ত্রণে’ এসেছে। এখন পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের অধিকাংশই নিরাপত্তাকর্মী রয়েছেন।

রোববার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচারক লে. কর্নেল শাকিল। তিনি জানান, এ পর্যন্ত ১৯ জনকে উদ্ধার করা করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১১জন নিরাপত্তাকর্মী। অন্যদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

লে. কর্নেল শাকিল বলেন, রোববার বেলা ১১টা ২৩ মিনিটের দিকে লেভেল ৬-এর ‘সি’ ব্লকে জুতার দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন এখন ৪-৫টি দোকানের মধ্যেই সীমাবদ্ধ আছে।

তিনি আরও জানান, বৈরি আবহাওয়া ও বাতাসের কারণে প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। এ কারণে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে।

সন্ধ্যা ৬টার দিকে বসুন্ধরা ব্যবসায়ী সমিতির সভাপতি এমএ হান্নান জানান, যে ব্লকে আগুন লেগেছে তা সেখানেই সীমাবদ্ধ রয়েছে। ষষ্ঠ তলার ওই ব্লকে প্রায় ১০০টি জুতার দোকান আছে বলে তিনি জানান।

আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে না পারলেও তিনি বলেন, নাশকতার আশংকা উড়িয়ে দেয়া যাচ্ছে না।

বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হেড কোয়ার্টারের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, বসুন্ধরার নিরাপত্তাকর্মীদের খবরে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আগুনের খবরে ভবনটি থেকে ক্রেতা-বিক্রেতারা হুড়োহুড়ি করে বাইরে আসেন। এ সময় তাদের আতংকিত দেখা যায়।

এদিকে আগুনের খবরে দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থলে ছুটে গেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।

কয়েক বছর আগেও বসুন্ধরা সিটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

আরও পড়ুন