অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর জনপ্রিয় বিপণি বিতান বসুন্ধরা সিটি আগামী বুধবারের আগে খুলছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
রোববার বেলা ১১টার দিকে ওই ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগার পর প্রায় নয় ঘণ্টা চেষ্টা করেও পুরোপুরি নেভাতে পারেননি অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা।
বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ইনচার্জ টিআইএম লতিফুল হোসেন সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, আগুনে লেভেল-৬ এর সি ব্লকের প্রায় একশ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা ধারণা করছেন। এর মধ্যে ৬/৭টি দোকান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার এই বিপণি বিতানে সাপ্তাহিক ছুটি। বুধবারের আগে আর শপিং কমপ্লেক্স খোলা সম্ভব হবে না বলে জানান লতিফুল।
উদ্ধার কাজের প্রধান সমন্বয়ক ফায়ার সার্ভিসের উপ পরিচালক মিজানুর রহমান জানান, বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাদে আটকা পড়া ‘সবাইকে’ দুই ধাপে উদ্ধার করেছেন তারা।
এর মধ্যে দুপুরে নয়জনকে উদ্ধার করা হয়। আর বিকালে এক নারীসহ আরও ১১ জনকে উদ্ধার লিফটে করে নিরাপদে নামিয়ে আনা হয় বলে জানান তিনি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।
রাজধানীর অন্যতম বৃহৎ এই শপিং কমপ্লেক্সে লাগোয়া দুটি ভবন রয়েছে। এর পান্থপথ সড়কমুখী আট তলা ভবন এবং পেছনের ১৯ তলা ভবন।
২০০৯ সালের ১৩ মার্চ এই ভবনের উপরের দিকে ভয়াবহ আগুনে সাতজনের মৃত্যু হয়, আহত হন শতাধিক। এর পর ওই বছরেরই অগাস্টে এবং ২০১৫ সালের ৩ সেপ্টেম্বর বসুন্ধরা সিটিতে দু্ই দফা অগ্নিকাণ্ড ঘটে।


