বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

স্কুলের জমি দখল করে যুবলীগের অফিস নির্মাণ

Pabna Jibo Leagueপাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব জায়গা অবৈধ ভাবে দখল করে আটঘরিয়া উপজেলা যুবলীগের কার্যালয় নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটঘরিয়া উপজেলা সদরের ওই স্কুলের সভাপতি রবিউল ইসলাম রবি ওই উপজেলা যুবলীগের কার্যালয় নির্মাণ করছেন। আজ রোববার সরেজমিনে দেখা যায়, টিন দিয়ে দোচালা কাঁচা-পাকা ঘর নির্মাণকাজ চলছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল কাদের জানান, সভাপতি বরিউল ইসলাম রবি ক্ষমতাশীন দলের দাপট দেখিয়ে স্কুলের নিজস্ব জায়গা জোর করে দখল নিয়ে উপজেলা যুবলীগের অফিস ঘর নির্মাণ করছেন। বিষয়টি আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান ওই প্রধান শিক্ষক।

নাম না প্রকাশের শর্তে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য, ছাত্রী-অভিভাবক, দেবোত্তর বাজারের সচেতন মহল ও বিদ্যালয়ের ছাত্রীরা স্কুলের নিজস্ব জায়গায় যুবলীগের অফিস নির্মাণ বন্ধের দাবি জানিয়ে বলেন, এখানে উপজেলা যুবলীগের অফিস হলে যুবক ছেলেদের আনাগোনা বাড়বে, আড্ডা হবে, ফলে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের স্কুলে যাওয়া-আসার পথে লাঞ্ছিত বা যৌন হয়রানির ঘটনা ঘটতে পারে। তাঁরা যুবলীগের অফিসঘর উচ্ছেদের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম রবি এনটিভি অনলাইনকে বলেন, ‘অভিযোগটি সঠিক নয়। জায়গাটা ফাঁকা পড়ে আছে, তাই দলের স্বার্থে অফিস ঘরটা করেছি, আর তা ছাড়া আমি তো উপজেলা যুবলীগ এবং বিদ্যালয়েরও সভাপতি। আমার বাবা এই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তাই স্কুলের কোনো ক্ষতি করার ইচ্ছে আমার নেই।’

এ ব্যাপারে আটঘরিয়া উপজেলার নির্বাহী অফিসার আলীমুন রাজীব বলেন, স্কুলের নিজস্ব জায়গায় অবৈধ ঘর উচ্ছেদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন