বুধবার ৪ নভেম্বর ২০২৬

সোনাজয়ী মার্গারিটাকে বাংলাদেশে আনার চেষ্টা

Margarita Mamunরিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিক্সে স্বর্ণপদক জয়ী মার্গারিটা মামুনের বাবা বাংলাদেশি আব্দুল্লাহ আল মামুন মেয়েকে দেশে নিয়ে আসার কথা দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বাংলাদেশি বাবা আর রুশ মার ঘরে জন্ম নেয়া মার্গারিটা অলিম্পিক গেমসের পঞ্চদশ দিনে বাংলাদেশ সময় শনিবার গভীর রাতে ব্যক্তিগত অল-অ্যারাউন্ড ইভেন্টে সোনা জেতার পর সাংবাদিকদের বলেছেন, তার এই জয় দুই দেশের জন্য।

অলিম্পিকের পরেই মার্গারিটাকে বাংলাদেশে আনবেন বলে তার বাবা মামুন কথা দিয়েছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার।

রোববার এক ফেসবুক পোস্টে শাহরিয়ার আলম লিখেছেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতার দুই দিন পরে গত বছর এই সময়ে তাদের (মার্গারিটা ও তার পরিবার) সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম মস্কোর অদূরে। মামুন ভাই কথা দিয়েছেন, অলিম্পিকের পরে মেয়েকে নিয়ে বাংলাদেশে আসবেন। তখন ‘বাংলার বাঘিনী’র জন্য ফুলের তোড়াটা নিশ্চয় আরো অনেক বড় হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গত বছর মস্কো সফরকালে ওই নৈশভোজে মার্গারিতার সঙ্গে তোলা দুটি ছবিও ফেসবুকে দিয়েছেন তিনি।

মস্কোতে জš§ নেয়া মার্গারিটার বাবা আব্দুল্লাহ আল মামুন পেশায় মেরিন প্রকৌশলী, রাশিয়াতেই থিতু হয়েছেন তিনি। মা সাবেক রিদমিক জিমন্যাস্ট আন্নার কাছ থেকেই দীক্ষা পেয়েছেন মার্গারিটা।

রিদমিক জিমন্যাস্টিক্সে রাশিয়ায় বেশ কয়েক বছর ধরে আলোড়ন তোলা মার্গারিটা ‘দ্য বেঙ্গল টাইগার’ নামে পরিচিত। তবে রিওতে শক্তি দিয়ে নয়, মার্গারিটা প্রতিপক্ষদের ঘায়েল করেন হুপ, বল, ক্লাব ও রিবন এই চারটি রুটিনে অনবদ্য ক্রীড়াশৈলী দেখিয়ে। সোনা জিততে তিনি পেছনে ফেলেন ফেভারিট ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশী ইয়ানা কুদ্রিয়াভৎসেভাকে।

পদক জয়ের পর তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের কথাও উঠে আসে: ‘আমি এটা জেনে খুব খুশি যে, বাংলাদেশের অনেক ভক্ত আমাকে সমর্থন করছে। আমি বাংলায় ১ থেকে ১০ পর্যন্ত গুনতে পারি। যখন ছোট ছিলাম, আমার বাবা আমাকে বাংলা শেখাতেন; কিন্তু আমি সব ভুলে গেছি।’

আরও পড়ুন