বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘আদালতকে প্রভাবিত করে খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা’

BNP_Press_Breafinসরকার আদালতকে প্রভাবিত করে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ও গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।

বুধবার(২৪ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আওয়ামী লীগের নেতারা প্রকাশ্য বিএনপিকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় নড়াইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে সরকার। সরকার আদালতকে প্রভাবিত করে দেশনেত্রীর নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নেতাকর্মীদের নামে মামলার পাহাড় বানিয়ে ফেলেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শহীদ হওয়ার পরও বিএনপি নির্মূল হয় নাই। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে জেলে নেয়ার পরও বিএনপি গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে যাচ্ছে। বিএনপি জনগণের দল। এ দলকে নির্মূল করা সম্ভব নয়। বিএনপি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাবে। ’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই আওয়ামী লীগের নেতারা মনগড়া গণতন্ত্র আবিষ্কার করে। তারা হুমকি দিয়ে বলে, বিএনপিকে নির্মূল করা হবে। বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। আওয়ামী লীগ নেতাদের এসব কথা কোন গণতন্ত্রের পর্যায়ে পড়ে জানি না। তবে এসব কথা অবশ্যই ফ্যাসিবাদ ও স্বৈরাচারী আচরণের মধ্যে পড়ে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, সহ দফতর সম্পাদক মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।

আরও পড়ুন