আবাসিক হল নির্মাণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সংহতি সমাবেশের আয়োজন করবে আন্দোলনকারীরা।
বুধবার বেলা পৌনে ২টার দিকে বিক্ষোভ ও সড়ক অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করে।
এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসে ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। এসময় তারা বিভিন্ন ডিপার্টমেন্টে তালা ঝুলিয়ে দেয়। একপর্যায়ে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে পল্টন ও প্রেস ক্লাব এলাকায় জড়ো হয় আন্দোলনকারীরা।
এতে পল্টন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে ২টায় সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
আন্দোলনরত শিক্ষার্থী জানান, আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সংহতি সমাবেশের আয়োজন করেবে তারা। সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়া হবে। এই সময়ের মধ্যে যদি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়া যায়, তাহলে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জমিতে চার নেতার নামে আবাসিক হল নির্মাণের দাবিতে গত ২ আগস্ট থেকে টানা আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
২০১৪ সালের ২৩ মার্চ কেন্দ্রীয় কারাগারের জমির দাবিতে জবি কর্তৃপক্ষ স্বরাষ্ট্রসচিব বরাবর আবেদন করে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সাড়া মেলেনি।


