বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধু হত‌্যা মামলার বাদী মুহিতুল আর নেই

BB-Murderবঙ্গবন্ধু হত্যা মামলার বাদী আফম মুহিতুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ট্রেজারার অধ্যাপক মো. আলী আজগর মোড়ল জানিয়েছেন।

৬৩ বছর বয়সী মুহিতুল কিডনির সমস্যা নিয়ে গত মাসে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।

তার জন্য মেডিকেল বোর্ডে গঠন করে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দিয়েও চিকিৎসকরা ভরসা পাচ্ছিলেন না; সঙ্কটাপন্ন হওয়ায় তাকে বিদেশেও নেওয়া যায়নি।

চিকিৎসকরা জানিয়েছিলেন, তার কিডনি প্রায় অকেজো, ঘনঘন ডায়ালাইসিস করা হচ্ছিল। তার ফুসফুসের সংক্রমণও বেশ মারাত্মক। মস্তিষ্কও ভালোভাবে কাজ করছিল না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকার সময় তার রিসিপসনিস্ট কাম রেসিডেন্ট পিএ ছিলেন মুহিতুল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের সময় তিনি ধানমণ্ডির ওই বাড়িতেই ছিলেন।

বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের বিচারের বাধা কেটে যাওয়ার পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় মামলা করেন মুহিতুল।

বিচার প্রক্রিয়া শেষে পাঁচ আসামির মৃত‌্যুদণ্ড ইতোমধ‌্যে কার্যকর হয়েছে। তবে দণ্ডিত বেশ কয়েকজন এখনও পলাতক।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন