বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারত হয়ে সৌদি পথে বাংলাদেশির মৃত্যু: জঙ্গি সন্দেহে ৪ জন আটক

bangladeshi_dead-In assamভারত হয়ে সৌদি আরব যাওয়ার পথে অসুস্থ হয়ে আব্দুল আহাদ (৪০) নামে  এক বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার দুপুরে ভারতীয় পুলিশ বিজিবির উপস্থিতিতে আহাদের লাশ বাংলাদেশের কাছে হস্তান্তর করেছে। এদিকে আসাম পুলিশের হাতে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছেন অন্য চার বাংলাদেশি।

জানা গেছে, ওই পাঁচজনই ভারতীয় পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান জানান, শুক্রবার দুপুর পৌনে ১‌টার দিকে ভারতের করিমগঞ্জের পুলিশ জকিগঞ্জের কাস্টমস ইমিগ্রেশন দিয়ে জকিগঞ্জ থানা পুলিশের কাছে আব্দুল আহাদের লাশ হস্তান্তর করে। পরে লাশটি আহাদের ছেলের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরো বলেন, করিমগঞ্জ থানার ওসির সঙ্গে তার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, অসুস্থতার কারণেই আব্দুল আহাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশি পাসপোর্ট ও বিদেশে যাওয়ার বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেছে।

এদিকে আহাদের বিদেশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের ইউপি সদস্য ইসলাম উদ্দিন জানান, ‘আহাদের বাবা মুজম্মিল আলী তাকে বলেছেন, দালালের মাধ্যমে ভারত হয়ে সৌদি যাওয়ার জন্য ১৪ আগস্ট ৭০ হাজার টাকা নিয়ে আহাদ বাড়ি থেকে চলে যায়।’

তিন দিন আগে আহাদ তার বাবাকে জমি বিক্রি করে টাকা জোগাড় করে রাখতে বলেছিলেন বলেও ইউপি সদস্য জানান।

প্রসঙ্গত,  গত মঙ্গলবার করিমগঞ্জের নিলাম বাজার এলাকা থেকে জঙ্গি সন্দেহে ৪ বাংলাদেশিসহ সাতজনকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। স্থানীয় পুলিশের দাবি, গাড়িতে করে নিহত আহাদের সঙ্গীরা তার লাশ ফেলে দেওয়ার সময় পথচারীরা পুলিশে খবর দেয়। গাড়িচালক  মইনুল হক চৌধুরীকেও আটক করে পুলিশ। আটক ভারতীয়দের মধ্যে মইনুল ও শাহজাহান সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরেছেন। বুধবার করিমগঞ্জের আদালত আটক চার বাংলাদেশির ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে শিলচরের দৈনিক পত্রিকা সাময়িক প্রসঙ্গ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আব্দুল আহাদের লাশ ফেলার বিষয়ে আটককৃতরা বলেছেন, হঠাৎ করে হৃদরোগে তার মৃত্যু হয়। বাংলাদেশি যুবকের দাফন সম্পন্ন করতে গেলে অনেক সমস্যা হবে। তাই তারা মৃতদেহ রাস্তার ওপর ফেলে রাখতে চেয়েছিল।

বাংলাদেশিদের ভারতে নেওয়া প্রসঙ্গে আটক ভারতীয় নাগরিক মইনুল জানান, সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভারত থেকে পাসপোর্ট সংগ্রহ করাটা সহজ। তারা এখানে এসেছিলেন ভারতীয় পরিচয়পত্র যোগাড় করে পাসপোর্ট তৈরি করতে।

আসামে আটক ৪ বাংলাদেশির সবাই সিলেট জেলার নাগরিক। আটক চারজন হলেন, জকিগঞ্জ উপজেলার পশ্চিম শাহজালালপুর গ্রামের কাজী সুমন আহমদ (২৭), পুর্ব শাহজালালপুর গ্রামের সাব্বির আহমদ (২৫), জকিগঞ্জ সদর ইউনিয়নের আনারসি গ্রামের দেলোয়ার হোসেন (৩০) ও কানাইঘাটের শহিদ আহমদ (৩০)।

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, ১৪ আগস্ট পাঁচ বাংলাদেশি আটগ্রাম পাহাড় এলাকা হয়ে মেঘালয় সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে তারা কালীগঞ্জ এলাকার একটি ভাড়া বাড়িতে আশ্রয় নেন। বাড়িটি ভাড়া নেন ভারতীয় নাগরিক শাজাহান।

আরও পড়ুন