শুক্রবার ৬ নভেম্বর ২০২৬

নিহত জঙ্গি তামিমের ছবি প্রকাশ

onl_2 onlin_1নারায়ণগঞ্জের পাইকপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গিনেতা তামিম চৌধুরীর দুটি ছবি প্রকাশ হয়েছে। সকালে অভিযানে তামিম ছাড়াও আরও দুইজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

গণমাধ্যমে আসা দুটি ছবিতে দেখা যায় তামিম উল্টোভাবে পড়ে আছেন। তিনি গুলিতে নিহত হয়েছেন, এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ। তবে তার মাথায় গুলি লাগেনি এটা স্পষ্টই বোঝা যায়।

গত ২ আগস্ট তামিমকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণার পর এই জঙ্গিনেতার বেশ কিছু ছবি প্রকাশ করেছিল পুলিশ সদরদপ্তর। এতে তামিম পরিচয় লুকাতে চেহারায় কী ধরনের পরিবর্তন আনতে পারেন সেগুলো প্রকাশ করা হয়েছিল।

সকালে পাইকপাড়া আস্তানায় অভিযানে নিহত তিনজনের একজনের সঙ্গে প্রকাশিত এসব ছবির মিল দেখেই পুলিশ নিশ্চিত হয় এই তিন জনের একজন তামিম চৌধুরী। পরে অভিযান শেষে পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক নিশ্চিত করেন তামিম চৌধুরীর নিহতের খবর।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা করে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যার ঘটনায় তামিমকেই মূল হোতা বলছে পুলিশ। গত ২৬ জুলাই কল্যাণপুর জঙ্গি আস্তানায় অভিযানের পর তাকে প্রধান আসামি করেই মামলা করে পুলিশ।

পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক বলেছেন, সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় জড়িত নিউ জেএমবিকে সংগঠিত করেছিলেন এই তামিম চৌধুরী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, তামিমকে ধরতে গোয়েন্দাদের বিভিন্ন শাখা তৎপর ছিল এবং গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণগঞ্জের পাইকপাড়া আস্তানায় অভিযান চালানো হয়।

আরও পড়ুন