বুধবার ৪ নভেম্বর ২০২৬

গুলশান হামলায় আটক তাহমিদের জামিন নাকচ

tahmid--

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় আটক তাহমিদ হাসিব খানের জামিন নাকচ করেছেন আদালত।

রোববার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

সংশ্লিষ্ট আদালতের জিআরও রনপ কুমার ভক্ত এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

গত ১৩ আগস্ট ছয়দিন ও ৪ আগস্ট আটদিনসহ মোট ১৪ দিন রিমান্ডে ছিলেন তাহমিদ।

এজাহার থেকে জানা যায়, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি-বিদেশি বেশ কয়েকজনকে জিম্মি করে জঙ্গিরা। পরদিন সকালে সেনা কমান্ডো অভিযানে জিম্মিদশার অবসান হয়।

তার আগেই ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ ছাড়া অভিযানে মৃত্যু হয় সন্দেহভাজন পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মীর।

আইএস ওই হামলার দায় স্বীকার করে পাঁচ হামলাকারীর ছবি প্রকাশ করলেও পুলিশ এ ঘটনার জন্য দেশীয় জঙ্গি দল জেএমবিকে দায়ী করে আসছে।

সেদিন অভিযান শেষে উদ্ধার ১৩ জনসহ ৩২ জনকে নেওয়া হয় গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে তাদের অনেককে ছেড়ে দেওয়া হলেও হাসনাত করিম ও তাহমিদকে ফিরে না পাওয়ার কথা জানানো হয় পরিবারের পক্ষ থেকে।

এরপর পুলিশ জানায়, গত ৩ আগস্ট রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে এবং গুলশান আড়ংয়ের সামনে থেকে হাসনাতকে আটক করা হয়।

নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে হাসনাতকে ২০১২ সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

অপরদিকে ব্যবসায়ী শাহরিয়ার খানের ছেলে তাহমিদ কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে পড়েন। গুলশানের ঘটনার একদিন আগে দেশে ফিরে ইফতারের পর বন্ধুদের সঙ্গে তিনি ওই রেস্তোরাঁয় গিয়েছিলেন বলে পরিবারের দাবি।

আরও পড়ুন