বুধবার ৪ নভেম্বর ২০২৬

গ্যাটকো দুর্নীতি: খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ২৩ অক্টোবর

khaleda ziaগ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে এ মামলায় অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সময় চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নতুন করে এদিন ধার্য করেন।

চলতি বছরের ৫ এপ্রিল এই আদালত থেকে খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন নেন।

নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. গোলাম শাহরিয়ার ১৩ জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। পরে ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা।

মামলার ২৪ জন আসামির মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান, বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী মারা যাওয়ায় আসামির সংখ্যা এখন ২০ জন।

আসামিরা দরপত্রের শর্ত ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোর সঙ্গে চুক্তি সইয়ের ফলে সরকারের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার আর্থিক ক্ষতি হয়। এ ছাড়া গ্যাটকোকে ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে অবৈধভাবে আরাফাত রহমান কোকো ও ইসমাইল হোসেন সায়মন দুই কোটি ১৯ লাখ ৯৯ হাজার ৭৩৬ টাকার আর্থিক সুবিধা নেন বলে অভিযোগপত্রে বলা হয়।

আরও পড়ুন