বুধবার ৪ নভেম্বর ২০২৬

তামিমের চোট, তিন সপ্তাহ মাঠের বাইরে

tamim iqbalইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে বেশ কিছুদিন ধরেই প্রস্তুতি চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। এই প্রস্তুতি ক্যাম্পের অনুশীলনে চোটে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এই সম্পর্কে বলেন, ‘গতকাল শনিবার অনুশীলনে ফিল্ডিং করার সময় বাঁ হাতের আঙুলে ব্যথা পায় তামিম। তার আঙুলে চিড় ধরা পড়েছে। এর জন্য তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।’

তাই ইংল্যান্ডের বিপেক্ষ সিরিজের আগেই এই বাঁহাতি ওপেনার সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। তবে এরই মধ্যে যদি আফগানিস্তান বাংলাদেশ সফরে আসে, তাহলে তাঁর খেলা নাও হতে পারে। ইংল্যান্ড সিরিজের আগেই আফগানিস্তানের বাংলাদেশ সফরে আসার কথা।

দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা। দিন-তারিখও ঠিক হয়েছে। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচ হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।

এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন