শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শন করতে সুদানের দারফুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। ৬ সদস্যের একটি দল নিয়ে রোববার ঢাকার হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর প্রধান সেখানে মোতায়েনরত দুটি বাংলাদেশী কন্টিনজেন্টের শান্তিরক্ষীদের সাথে সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন। এ ছাড়াও তিনি সুদান সরকার এবং মিশন হেডকোয়ার্টারস এর উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করবেন।
পরে সেনাপ্রধান আগামী ২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক এ অবস্থিত জাতিসংঘ সদরদপ্তরে যাবেন। সেখান তিনি ইউএন সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে শান্তিরক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।


