বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে (বিএইচবিএফসি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. আব্দুল খালেক খানকে নিয়োগ দিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগামী ৩০ আগস্ট তার চাকরির বয়স শেষ হবে। ফলে স্বাভাবিক নিয়মে এ পদে তার থাকা হবে মাত্র তিনদিন।
রোববার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। তিনদিনের জন্য গুরুত্বপূর্ণ এ পদে নিয়োগ দেওয়ার কোন কারন জানা যায়নি।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল খালেক খানকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে বিদায় নেন ড. নূরুল আলম তালুকদার। পরে এ পদে নিয়োগ পান জনতা ব্যাংকের ডিএমডি ওমর ফারুক।
ওমর ফারুক চলতি বছরের ১২ মে পিএলআরে যাওয়ার পর ভারপ্রাপ্ত এমডি হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ওই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ড. দৌলতুন্নাহার খানম।
এদিকে আবারও এমডি হিসেবে নিয়োগ পেতে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. নূরুল ইসলাম তালুকদার দীর্ঘদিন সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন। কিন্তু এতে কোন লাভ হয়নি। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। আর এ কারণে চেষ্টা করেও তিনি পুনঃনিয়োগ পাননি।


