বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

‘অজ্ঞাতনামা’য় মুগ্ধ দর্শক

‘অজ্ঞাতনামা’য় মুগ্ধ দর্শকমারমার কাটকাট দৃশ্য কিংবা উদ্দাম নৃত্য-গীত না থাকায় খুব বেশি প্রেক্ষাগৃহে মুক্তি না পেলেও দর্শকদের মন জয় করে নিয়েছেন তৌকির আহমেদের ‘অজ্ঞাতনামা’। সিনেমাটি যারা দেখেছেন তাদের ফেসবুক প্রোফাইলে বইছে প্রশংসার বন্যা। সেইসঙ্গে চলচ্চিত্রবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছে ‘অজ্ঞাতনামা’।

তৌকির আহমেদ ‘অজ্ঞাতনামা’ লিখেছিলেন মঞ্চনাটক হিসেবে। এরপর এটিকে রুপালী পর্দায় আনার সিদ্ধান্ত নেন। এই মুভিটির মাধ্যমে দীর্ঘ আট বছর পর আবারও ছবি নির্মাণ করলেন তৌকির। তিনি প্রথম চলচ্চিত্র ‘জয়যাত্রা’ নির্মাণ করেন ২০০৪ সালে। সেটি ছিলো মুক্তিযুদ্ধের চলচ্চিত্র। এরপর ২০০৬ সালে নির্মাণ করেন ‘রূপকথার গল্প’। ২০০৭ সালে হুমায়ূন আহমেদের গল্প নিয়ে নির্মাণ করেন ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রটি। ‘অজ্ঞাতনামা’ তার চতুর্থ সিনেমা।

দর্শকের ভালো প্রতিক্রিয়ায় উচ্ছসিত নির্মাতা তৌকির আহমেদ। তিনি বলেন, “সিনেমাটি দর্শক গ্রহণ করেছে দেখে ভালো লাগছে। অনেকেই প্রশংসা করছেন। সবাইকে বলবো বন্ধুদের নিয়ে হলে গিয়ে সিনেমাটি দেখুন।”

তবে ছবিটি মুক্তি দেওয়ার জন্য সিনেমা হলের সংখ্যা কম হওয়ায় তিনি হতাশ। এমনিতেই মানুষ প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে। এমতাবস্থায় যদি ভাল সিনেমা প্রেক্ষাগৃহে প্রদর্শিত না হয় তাতে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। ‘অজ্ঞাতনামা’ সিনেমাটি এখন প্রদর্শিত হচ্ছে— বলাকা সিনেওয়ার্ল্ড (ঢাকা), শ্যামলী ডিজিটাল সিনেমা (ঢাকা), মতিমহল (ডেমরা), পূরবী সিনেমা (ময়মনসিংহ), মনিহার (যশোর), মাধবী (মধুপুর), সাগরিকা (চালা), গৌরী (শাহজাদপুর) ও কেয়া (টাঙ্গাইল)।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটির গল্প চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তৌকীর আহমেদ। এতে অভিনয় করছেন— মোশারফ করিম, নিপূন, ফজলুর রহমান বাবু, আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী সুজন, শহিদুজ্জামান সেলিম, শাহেদ শরীফ খান প্রমুখ।

https://youtu.be/baDopVYyLBo

আরও পড়ুন