বুধবার ৪ নভেম্বর ২০২৬

চুল কেটে প্যান্ট-শার্ট পরে পুরুষ সেজেও রক্ষা হল না ছাত্রীটির

চুল কেটে প্যান্ট-শার্ট পরে পুরুষ সেজেও রক্ষা হল না ছাত্রীটির (2)সেলুনে চুল কেটে ছাত্রীটি প্যান্ট-শার্ট পরে পুরুষ সেজে ঘর ভাড়া নিয়েছিল।

রাজবাড়ীর গোয়ালন্দ থেকে গত বুধবার নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রীকে সাভারের নবীনগর থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় বৃহস্পতিবার রাতে সন্ধান পাওয়ার পর শুক্রবার তাদের উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, দুই ছাত্রী গত বুধবার দুপুরে দৌলতদিয়া হয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে সাভারের নবীনগর যায়। সেখানে একটি বোর্ডিংয়ে রাত্রি যাপনের জন্য ভাড়া নিতে গেলে দুজনের বয়স কম দেখে কর্তৃপক্ষ ভাড়া না দেওয়ায় ফিরে যায়। পরে স্থানীয় একটি সেলুনে একজন চুল কেটে ছেলেদের প্যান্ট-শার্ট পরে পুরুষ সাজার চেষ্টা করে নবীনগরের কুরগাঁও এলাকায় এক হাজার ৪০০ টাকায় একটি কক্ষ ভাড়া নেয়। এতে ওই বাড়ির একজন ভাড়াটিয়ার সন্দেহ হলে বিষয়টি পর্যবেক্ষণ করে তাদের সঙ্গে মেশার ভান করে। ওই ভাড়াটিয়া এক ছাত্রীর স্কুল খাতায় পাওয়া একটি মুঠোফোন নম্বরে বৃহস্পতিবার সন্ধ্যার পর সিরাজুল নামের এক ব্যক্তিকে বিষয়টি জানান।

ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ওসি নিজেই সেই নম্বরে সিরাজুলের সঙ্গে কথা বলে নিশ্চিত হন। পরে আশুলিয়া থানা-পুলিশকে বিষয়টি জানান। আশুলিয়া থানা থেকে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করে আজ শুক্রবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় নেওয়া হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই স্কুলছাত্রীর নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না বা অন্য কোনো চক্র আছে কি না এখনো পরিষ্কার হওয়া যায়নি। তবে ওই ছাত্রীদের ভাষ্য অনুযায়ী, অভিভাবকেরা পড়াশোনার জন্য প্রতিনিয়ত তাদের শাসন করত বলে তারা এলাকা ছেড়ে অন্যত্র যাওয়ার সিদ্ধান্ত নেয়। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তারা বুধবার দুপুরে চার সহপাঠীর সহযোগিতায় এলাকা ছেড়ে যায়।

এক ছাত্রীর বাবা জানান, ‘বুধবার সকালে তাঁর মেয়ে বাসা থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। দুপুরের আগে বাসায় ফিরে জরুরি কাজ আছে বলে স্কুল ব্যাগে করে কৌশলে নগদ প্রায় ৫০ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে বের হয়ে যায়। বিকেলে বাসায় ফিরে না আসায় অনেক খোঁজ করে জানতে পারেন আরেক ছাত্রীকে সঙ্গে নিয়ে তাঁর মেয়ে ঢাকার দিকে চলে যায়।

আরও পড়ুন