সিলেট নগরীর মধুশহীদে মসজিদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরের উচ্চস্বরে গান-বাজনা ও বাদ্যযন্ত্র বাজানোয় জুম্মার নামাজের ব্যাঘাত সৃষ্টি হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার জুম্মার পর মুসল্লিরা হামলার চেষ্টা চালান। পরে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। হামলাকালে মুসল্লিদের ইটপাটকেল ও পুলিশের গুলিতে ৫ জন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ২০ জনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার জুম্মার নামাজের সময় মধুশহীদ জামে মসজিদের বিপরীতে ইসকন মন্দিরে ‘ভক্তবেদান্ত ন্যাশনাল স্টুডেন্টস কম্পিটিশন’ এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা চলছিল। মন্দিরের ভেতর থেকে তখন উচ্চস্বরে গান-বাজনা ও বাদ্যযন্ত্রের আওয়াজ আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মুসল্লিরা। জুম্মার নামাজের পর মসজিদের মুসল্লিরা সীমানা প্রাচীরের বাইরে থেকে ইসকন মন্দির লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এসময় তারা রাস্তার উপর নির্মিত ইসকনের একটি গেইট ও পার্শ্ববর্তী একটি ডেন্টাল ক্লিনিক ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার ফয়সল মাহমুদ জানান, জুম্মার নামাজের সময় মন্দির থেকে গান-বাজনার শব্দ আসাকে কেন্দ্র করে হামলার এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি আরও ভালোভাবে তদন্ত করে আইনী পদক্ষেপ নেয়া হবে।


