তিনদিন আগে যশোর শহর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশটি চৌগাছায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের (৫০)। শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা কোতয়ালী থানায় গিয়ে লাশের ছবি দেখে সনাক্ত করেছেন।
এর আগে নিখোঁজের ঘটনায় শনিবার তার ছেলে শাহিনুর রহমান চৌগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহত আবুল কাশেম চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি চারদিন আগে নিখোঁজ হয়েছিলেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ‘বৃহস্পতিবার যশোর শহরের ষষ্টীতলাপাড়া এলাকা থেকে মধ্যবয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা সনাক্ত করেছেন অজ্ঞাত লাশটি আবুল কাশেমের।’
নিখোঁজ কাশেমের ভায়রা হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার যশোর শহরের ষষ্টীতলা পাড়া এলাকায় অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। যশোর কোতয়ালী থানায় ছবি দেখে নিশ্চিত হয়েছি এটি চেয়ারম্যান আবুল কাশেমের।
নিহতের স্বজনরা জানায়, চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তার সহযোগী আলী আহম্মদের ছেলে আশিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে যশোরের উদ্দেশ্য যান।
শহরের ধর্মতলা নামক স্থানে তার সহযোগী চেয়ারমানকে রেখে বাড়িতে চলে যান। ওইদিন রাত থেকে তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।
চেয়ারম্যান আবুল কাশেমের স্ত্রী ফিরোজা বেগম বলেন, আমার স্বামী আবুল কাশেম বুধবার বিকালে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ ছিল।
আবুল কাশেমের ছেলে শাহিনুর রহমান বলেন, কোতয়ালী থানায় অজ্ঞাত লাশের ছবি দেখে সনাক্ত করেছি আমরা।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. মসিউর রহমান বলেন, চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে শাহিনুর রহমান একটি সাধারণ ডায়েরি করেন।


