বুধবার ৪ নভেম্বর ২০২৬

আজ জিতলেই অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পা

footballসমীকরণটা এমন যে, চাইনিজ তাইপের বিপক্ষে আজ জিতলেই আগামী বছর এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলবে বাংলাদেশ। আজই নির্ধারিত হবে ‘সি’ গ্রুপের সেরা দল। তিন জয়ে দুদলেরই পয়েন্ট ৯। তবে গোল ব্যবধানে বাংলাদেশের চেয়ে এগিয়ে আগে তাইপের মেয়েরা। বাংলাদেশ তিন ম্যাচে করেছে ১৮ গোল সেখানে প্রতিপক্ষের জালে ২১ বার জল জড়িয়েছেন তাইপের মেয়েরা। তাই গ্রুপ সেরা হতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই কৃষ্ণাদের সামনে।

বাংলাদেশের অবশ্য আরেকটি ম্যাচ রয়েছে আরব আমিরাতের সামনে। তবে সেই ম্যাচ নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ। কারণ গত দুই ম্যাচে পরাজয়ের মুখ দেখা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে শেষ ম্যাচ কৃষ্ণাদের জয়ের সম্ভাবনাই বেশি।

সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আজকের ম্যাচে জয় ছাড়া আর অন্য কিছুর চিন্তা করছেন না কোচ গোলম রাব্বানী ছোটন।  তার ভাবনা জুড়ে কেবলই  জয়।

তিনি বলেন, ‘এটা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ তাই বাড়তি কোনো চাপ নিচ্ছে না মেয়েরা। আজ স্বাভাবিক খেলাটাই খেলব আমরা।’ ছোটন আরো জানান, ‘আমরা জয়ের জন্য মাঠে নামব। মেয়েদের ওপর আমার আত্মবিশ্বাস আছে। গত তিনটা ম্যাচে তারা যেভাবে খেলেছে, এ ম্যাচেও একইভাবে খেলবে।’

প্রতিপক্ষের ওপরও ভালোভাবে নজর রেখেছেন এই কোচ তিনি জানান, তাইপের মেয়েরা ভালো খেলে বিশেষ করে আক্রমণভাগটা দারুণ। ডিফেন্ডার দিয়ে তাইপের আক্রমণ প্রতিহত করার কথাও বলেন তিনি। ‘ফরোয়ার্ড হি শিন রু, মিডফিল্ডার উ হু জু, নিয়েন চিং উন ও ঝেং ইয়া জিহর এই চারজনের উপর বিশেষ নজর থাকবে আজ।’

প্রতিপক্ষকে সমীহ করতে গিয়ে কোচ ছোটন জানান, ‘এখন পর্যন্ত চাইনিজ তাইপে দলই ঢাকার আবহাওয়ায় কোনও অসুবিধায় পড়েনি। শরীরিক শক্তিও ভালো, অনেক দৌড়িয়ে খেলে, আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

প্রথম ম্যাচে শক্তিশালী ইরানকে ৩-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব বাছাইপর্বটা দুর্দান্তভাবে শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ গোলে আর তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে ১০-০ গোলে গুঁড়িয়ে দেয় কৃষ্ণা রাণী সরকারের দল। আজ তাইপেকে হারালেই থাইল্যান্ডে অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপে খেলার পথটা আরো প্রশস্থ হবে। এমন সুযোগ নিশ্চয় হারাতে চাইবেন না টাইগ্রেসরা।

আরও পড়ুন