চাঁদপুরে জ্বালানি তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর মোহাম্মদ মামুনের (৪০) মৃত্যু হয়েছে।
মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, বার্ন ইউনিটে চিকিৎসাধীন নূর মোহাম্মদ মামুনকে শনিবার সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
ওই ঘটনায় দগ্ধ রায়হান (২৩) নামের আরও একজন বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার রাত ১২টার দিকে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে ট্যাংক লরি থেকে একটি গুদামে জ্বালানি তেল নামানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে গুদাম ও এর পাশের একটি ভবনে আগুন ধরে যায়।
ওই ঘটনায় সাতজন দগ্ধ হন, যাদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুই জনের মৃত্যুর পর মামুনের বাবা মিজানুর রহমান (৫০), বাদশা মিয়া (৫০), দেলোয়ার ভূইয়া (৩৫) ও মাসুদ (২৮) নামের আরও চারজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।


