মাদারীপুরের শিবচর পৌর এলাকার ময়নাকাটা নদী থেকে অচেতন অবস্থায় পঙ্গু এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। এর আগে সড়ক দুর্ঘটনায় পা হারানো ওই নারী গণধর্ষণের অভিযোগ করেছেন। তাকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের আটক করার চেষ্টা চালাচ্ছে।
জানা যায়, উপজেলার কাওড়াকান্দি ও পাচ্চর থেকে ভিক্ষাবৃত্তি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তিন সন্তানের জননী ওই নারী পৌরসভার বড় দোয়ালি নতুন ব্রিজের মোড়ে নামেন। সেখানে একটি দোকানে চা পান শেষে রাস্তার পাশেই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ৪-৫ দুর্বৃত্ত তাকে ধরে নিয়ে পাশের মাঠে পর্যায়ক্রমে ধর্ষণ শেষে পাশের সেতুর ওপর রেখে যায়। এরপর আরও দু’জন তার ওপর হামলে পড়ে। বাধা দেওয়ায় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তার সঙ্গে থাকা বেশ কিছু টাকা ও মোবাইল ফোনসেট লুটে নিয়ে তাকে নদীর কচুরিপানার ওপর ফেলে দেয়।
শুক্রবার দুপুরে স্থানীয়রা নদীতে মাছ ধরতে গিয়ে কচুুরিপানার মধ্যে ওই নারীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা, পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের হাসপাতালে এসে ওই নারীর সঙ্গে কথা বলেন। পুলিশের একাধিক টিম দোষীদের ধরতে অভিযান শুরু করেছে।
ওই নারীর বাবার বাড়ি উপজেলার উমেদপুরে ও স্বামীর বাড়ি ঢাকার সাভারে। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি এ এলাকায় থেকে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহফুজুর রহমান বলেন, মেডিকেল চেকআপের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ওই নারীকে।


