বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজধানী ও গাজীপুরে বিজিবি মোতায়েন, রেড এলার্ট জারি

রাজধানী ও গাজীপুরে বিজিবি মোতায়েনযুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরকে ঘিরে যেকোনো ধরনের  পরিস্থিতি এড়াতে গাজীপুরের কাশিমপুর কারাগার এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী ও গাজীপুরে মোতায়েন করা হয়েছে বিজিবি।

কারাফটক ও এর আশপাশের এলাকায় চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া কারাগার এলাকাসহ গাজীপুরে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় গাজীপুরজুড়ে টহল দিতে শুরু করেছেন চার প্লাটুন বিজিবি সদস্য।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম বলেন, পুলিশ-র‌্যাবের পাশাপাশি চার প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে রাখা হয়েছে। এছাড়া গাজীপুরে ‘সর্বোচ্চ সতর্কতা’ (রেড এলার্ট) জারি করা হয়েছে।

এর আগে দুপুরে কারারক্ষীদের পাশাপাশি র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়। কারাগারের আরপি গেটের সামনে অবস্থান নিয়েছেন তারা। এছাড়া কারাগারে প্রবেশের আগে দুটি পুলিশ বেষ্টনী তৈরি করা হয়েছে।

অবশ্য, শুক্রবার সন্ধ্যা থেকেই কারাগার এলাকার দোকানপাট বন্ধ করে দেয়া হয়।

শনিবার বিকেল সোয়া ৪টার দিকে মীর কাসেম আলীর সঙ্গে সাক্ষাৎ করতে যান তার স্বজনরা।

এর আগে দুপুরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফাঁসির নির্বাহী আদেশ কারাগারে পৌঁছায়।

শনিবার বিকেল থেকে বিজিবি মোতায়েন করা হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীতে ৬ ও গাজীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর করতে সরকারের নির্বাহী আদেশ শনিবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছেছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাসির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন