বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এবং দিনাজপুর সদর-৩ আসনের সাবেক সাংসদ এম আবদুর রহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বেলা ১১টা ২০ মিনিটে ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এম আবদুর রহিমের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। মরহুমের বড় ছেলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও ছোট ছেলে জাতীয় সংসদের হুইপ দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ইকবালুর রহিম বলেন, তাঁর বাবা অনেক দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ২ আগস্ট তাঁকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি হলে ৯ আগস্ট এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


