বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাবিনা ইয়াসমিন: শুভ জন্মদিন

সাবিনা ইয়াসমিন: শুভ জন্মদিনচার দশক ধরে দরদী গায়কীর মায়াজালে বাংলাদেশের শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। রোববার (৪ সেপ্টেম্বর) তার জন্মদিন।

১৯৫৪ সালের এ দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন সাবিনা। তার অন্য ৪ বোনের মধ্যে তিনজনই নামি গায়িকা। তারা হলেন- ফরিদা ইয়াসমিন, ফওজিয়া খান ও নীলুফার ইয়াসমিন।

ফরিদা ইয়াসমিন যখন দুর্গাপ্রসাদ রায়ের কাছে তামিল নিতেন তখন ছোট্ট সাবিনাও উপস্থিত থাকতেন। পরে ওস্তাদ পিসি গোমেজের কাছে একটানা ১৩ বছর তালিম নেন। মাত্র ৭ বছর বয়সে স্টেজ প্রোগ্রামে অংশ নেন। ছোটদের সংগঠন খেলাঘরের সদস্য হিসেবে রেডিও ও টেলিভিশনে তাকে শোনা যেত নিয়মিত।

শিশুশিল্পী হিসেবে সাবিনা কণ্ঠ দেন ‘নতুন সুর’ চলচ্চিত্রে। পরিপূর্ণ প্লেব্যাক শিল্পী হিসেবে পাওয়া যায় ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ ও ‘মধুর জোছনা দীপালি’ শিরোনামের গানে।

১২ হাজারের মত চলচ্চিত্রের গানের কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। আব্দুল আলীম থেকে শুরু করে চলতি সময়ের অনেক গায়কের সঙ্গে জুটি হয়েছেন তিনি। সুযোগ পেয়েছেন উপমহাদেশের বরেণ্য সুরকার আরডি বর্মণের সুরে গান গাওয়ার, বিখ্যাত কিশোর কুমারের ও মান্না দের সাথেও ডুয়েট গান গাওয়ার।

সাবিনা ইয়াসমিন দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। অন্যান্য স্বীকৃতির মধ্যে রয়েছে একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার, বাচসাস পুরস্কার, বিএফজেএ পুরস্কার, উত্তম কুমার পুরস্কার, এইচএমভি ডাবল প্লাটিনাম ডিস্ক, বিশ্ব উন্নয়ন সংসদ থেকে সঙ্গীতে ডক্টরেট ডিগ্রি, জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার ও জিয়া স্মৃতি পদক। সম্প্রতি ফিরোজা বেগমের নামে প্রবর্তিত স্বর্ণ পদক পেয়েছেন গুণী এ শিল্পী।

আরও পড়ুন